ফেনী

বিয়ের অনুষ্ঠানে গেট-স্টেজ না দেওয়ায় সংঘর্ষ

আতিয়ার রহমান সজল

ফেনী, ২৫ ডিসেম্বর- ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিয়ের আসরে বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে বরসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে সাহেদা আক্তার রিয়ার সঙ্গে দাগনভূঁঞা উপজেলার পূর্ব জয় নারায়ণ গ্রামের সার্জেন্ট অব. শাহাবুদ্দিনের ছেলে ইফতেখার উদ্দিনের (৩০) বিবাহোত্তর অনুষ্ঠান চলাকালে গেট এবং স্টেজ না দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ নিয়ে বরপক্ষের লোকজন প্রথমে চেয়ার টেবিল, গ্লাস, কাচের বোতল ও প্লেট ভাঙচুর করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

আহতরা হলেন- বর ইফতেখার উদ্দিন, তার বাবা সার্জেন্ট (অব.) শাহাবুদ্দিন, মা রহিমা খাতুন, তার বোন উম্মে সালমা, উম্মে আসমা, ভগ্নীপতি কাজী আব্দুর রহিম, ডাক্তার জিয়া উদ্দিন, বোনের শ্বশুর ওয়ালী উল্যাহ, বড় ভাই সালাউদ্দিন, ভাগ্নে কাজি আব্দুল মজিদ, কনের মামা আবুল কালাম, খালাতো ভাই আনোয়ার হোসেন ও মামা মানিকসহ প্রায় ১৫ জন।

আরও পড়ুন : করোনায় বিশ্বব্যাপি মৃত্যু ১৭ লাখ ৪১ হাজার, আক্রান্ত প্রায় ৮ কোটি

স্থানীয়রা আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, বড় ধরনের সংঘাত এড়াতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language