কুমিল্লা

কুমিল্লায় আওয়ামীলীগ-বিএনপির সভায় পাল্টাপাল্টি গুলিবর্ষণ

কুমিল্লা, ২৬ আগস্ট – কুমিল্লার লালমাইতে বিএনপির বর্ধিতসভায় হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের উন্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির বর্ধিতসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এ সময় স্বেচ্ছাসেবকদল নেতা মনির হোসেন ও যুবদল নেতা ফিরোজের পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সভাস্থল ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা চালানো হয়।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, অর্থমন্ত্রীর ভাতিজা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনের নেতৃত্বে এ হামলা করা হয়। আমরা কি কর্মীসভাও করতে পারব না। হামলার সময় উন্দানিয়া গ্রামে বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিন মোল্লা জাগো নিউজকে বলেন, বিকেলে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। বিএনপির নেতাকর্মীরা হঠাৎ আমাদের মিছিলে গুলি করে। এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়। এ বিষয়ে আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ সরকার জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language