ব্যবসা

কমলো সোনার দাম, শুক্রবার থেকেই কার্যকর

ঢাকা, ১৭ আগস্ট – রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে কিছুটা কমেছে সোনার দাম। সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হলো। শুক্রবার (১৮ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে ২১ জুলাই থেকে দেশের বাজারে সোনার দাম বাড়ায় বাজুস। সে সময় সব থেকে ভালো মানের (২২ ক্যারেটের) এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭৮ টাকা। দেশের বাজারে এর আগে কখনো এতো বেশি দামে সোনা বিক্রি হয়নি।

রেকর্ড ওই দাম নির্ধারণের পর এখন দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হলো। অবশ্য এরপরও এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের এক লাখ টাকার ওপরে গুণতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় নূন্যতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এক ভরি সোনার গহন কিনতে ক্রেতাদের ১ লাখ ৭ হাজার ৪৭৭ টাকা গুণতে হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ লাখ ২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৪ হাজার ৫৯৫ টাকা করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৭ হাজার ৫৩৫ টাকা করা হয়েছে।

সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ আছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৭ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language