কুমিল্লা

কোরবানির গরুর আঘাতে কুমিল্লায় একজনের মৃত্যু

কুমিল্লা, ২৯ জুন – কুমিল্লার দেবিদ্বারে কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঈদের দিন সকাল ৭টার দিকে উপজেলার মুগসাইর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মনু মিয়া (৫০) পেশায় অটোচালক ছিলেন।

মৃতের চাচাতো ভাই হানিফ মিয়া বলেন, কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিলো মনু মিয়ার পরিবার। সকালে আমি আর বড় ভাই মনু মিয়া গরুটি আনতে যাই। গরুটি নিয়ে আসার পথে উত্তেজিত হয়ে মনু মিয়াকে আঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়ে যান। পরে বাড়িতে আসার পর গরুটি আবারও তাকে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। ওই অবস্থায় পুকুরের পাশে গরুটিকে গোসল দেন মনু মিয়া। এরপরই বাড়িতে এসে অসুস্থ হয়ে যান তিনি।

প্রতিবেশীরা জানান, মনু মিয়া শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন। কোরবানির উদ্দেশ্যে ৭১ হাজার টাকা দিয়ে একটি গরু কেনেন। এটি সকালে আনতে গিয়ে গরুর আঘাতে তিনি মারা গেছেন।

মৃত মনু মিয়ার এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language