ভাস্কর্য ইস্যুতে শীর্ষ আলেমদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ঢাকা, ১৫ ডিসেম্বর- দেশে চলমান ভাস্কর্য ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন শীর্ষ কয়েকজন আলেম।সোমবার রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আলেমদের এ বৈঠক হয়।
কওমি মাদরাসা বোর্ড সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলে সদস্য ছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মোসলেউদ্দিন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি প্রমুখ।
তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূর্তির বিষয়ে মন্ত্রীর কাছে ব্যাখ্যা তুলে ধরেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও আলোচনা করেন।
বৈঠক শেষে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, সারা দেশের খ্যাতনামা কয়েকজন আলেম এ বৈঠকে অংশ নিয়েছেন। সবার মতামতের ভিত্তিতে ৫টি প্রস্তাব গৃহীত হয়েছে। সেগুলো স্মারকলিপি আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। একইসঙ্গে আলেমদের একটি প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন : বিমানবন্দরে ফের ২৫০ কেজি বোমা
বেফাক মহাসচিব আরও বলেন, মানব মূর্তি বা ভাস্কর্য যেকোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ। ৯২ ভাগ মুসলমানের দেশে মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্নাহ সমর্থিত উত্তম কোনো বিকল্প সন্ধান করাই শ্রেয়।
আল্লাহর ৯৯ নাম খচিত মুজিব মিনার নির্মাণ করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
সূত্রঃ দেশ রুপান্তর
আডি/ ১৫ ডিসেম্বর









