সংগীত

এবার শাকিব খানকে নিয়ে যা বললেন গায়ক আসিফ

ঢাকা, ২৪ মে – বহু বছর ধরে চর্চায় দেশসেরা নায়ক শাকিব খানের ব্যক্তিগত জীবন। দ্বিতীয় স্ত্রী তথা অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে তিক্ততার জেরে সেই চর্চা বেড়েছে বহুগুণ। কাঠগড়ায় শাকিব খানের ব্যক্তিত্ব। নানা কটু কথায় তাকে ধুয়ে দিচ্ছেন অনেকে। হচ্ছে মিডিয়া ট্রায়াল। তাদেরকে একহাত নিয়ে শাকিব খানের পাশে দাঁড়ালেন গায়ক আসিফ আকবর।

বুধবার নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত এই কণ্ঠশিল্পী পরিষ্কার জানিয়ে দিলেন, সমালোচনা করে, নানা কটু কথা বলে, ষড়যন্ত্র করে হয়তো শাকিব খানের মতো একজন তারকাকে আহত করা যাবে, কিন্তু তাকে কখনোই নিঃশেষ করা যাবে না। পাঠকদের জন্য আসিফের সেই পোস্টটি তুলে দেয়া হলো-

‘দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিশমা দেখেই আসছি বিশ বছর ধরে। আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। প্লে-ব্যাক আর্টিস্ট হিসেবে শাকিব খানের লিপে বেশ কিছু গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। দুজনার দেখা সাক্ষাৎ কম হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সমসময়ই ছিল। এখনো মাঝে মাঝে কথা হয়, তিনি উচ্ছ্বাস নিয়েই সবসময় কথা বলেন, আমার ভালো লাগে।’

‘তারকাদের ব্যক্তিজীবন নিয়ে মানুষের মধ্যে একটা ফ্যান্টাসি সবসময়ই কাজ করে। এটা নতুন কোনো চর্চা নয়, বরং রঙ্গীন দুনিয়ার খবরাখবরের শেল্টার নিয়ে একধরনের পরচর্চায় অনেকে নিজের অন্ধকার জগৎকে নিমিষে গুম করে ফেলেন। বিখ্যাতদের ব্যক্তিগত বিষয়গুলোই আলোচনা-সমালোচনায় থাকবে, এটাই স্বাভাবিক। জৌলুসপূর্ণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির চোখ রাঙানি সত্ত্বেও শাকিব খান আজও একাই সিনেমা হলে দর্শক টেনে চলেছেন। আর এজন্যই তিনি কিং খান…।’

‘যশ খ্যাতি উপরওয়ালার দান, মানুষ শুধুই উপভোগ করতে পারে। একজন শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে, ইন্ডাস্ট্রি অক্সিজেন পায়। এদেশে মানুষের বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত। সোশ্যাল মিডিয়ার এলেবেলে দুরন্তপনায় ভালো-মন্দ সবই ছড়িয়ে পড়ে দ্রুত। সেগুলো স্থায়িত্বও পায় সিজনাল জামের মত। আঁতেলদের তির্যক পর্যবেক্ষণ পায়ে দলে বাংলা সিনেমার প্রাণ শাকিব খানই।’

‘এখনো শাকিব খানের লিপে গান দিতে পারলে গায়করা ক্যারিয়ারের পালে বাতাস পায়, নায়িকারা ব্রেক পায়, প্রযোজকরা লগ্নি ফেরত পাওয়ার ভরসা রাখেন, পরিচালকরা ভালো সিনেমা বানানোর স্বপ্ন দেখেন। দিনশেষে তারকাদের মূল্যায়ন তার পেশাদারিত্বেই নিহিত থাকে, শোবিজের গালগপ্পো ক্ষুদ্রতম অংশ মাত্র।’

‘এরকম একজন শাকিব খানকে বিভিন্ন প্রকার মিডিয়া বিভ্রাটে ফেলে সর্বোচ্চ আহত করা যাবে, নিঃশেষ করা অসম্ভব। আমি মনেপ্রাণে বিশ্বাস করি- শাকিব খান এখনো দেশের সেরা নায়ক, তার যে কোনো বিকল্প ভাবা বিনা বিনিয়োগে জাস্ট টাইম পাস করা। গায়ক হিসেবে আমি শাকিব খানের একজন সহকর্মী মাত্র। আমি চাই তিনি বাংলাদেশের আনপ্যারালাল নায়ক হিসেবে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যান ক্রমোন্নতির দিকে।

পোস্টের শেষে শাকিব খানকে শুভকামনা জানিয়ে গায়ক আসিফ লিখেছেন, ‘সবসময় শুভকামনা প্রিয় ব্রাদার শাকিব খান। ভালোবাসা অবিরাম…।’

আইএ/ ২৪ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language