চট্টগ্রাম

বোমা নিষ্ক্রিয়কারী যুক্তরাষ্ট্রের রোবট পেল চট্টগ্রাম পুলিশ

চট্টগ্রাম, ২১ মে – যুক্তরাষ্ট্র থেকে দুটি বোমা নিষ্ক্রিয়কারী রোবট যুক্ত হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটে। বাংলাদেশকে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহায়তার আওতায় যুক্তরাষ্ট্র রোবট দুটি দেয়।

রোববার রোবট দুটি পরিচালনায় দুই সপ্তাহের প্রশিক্ষণ শুরু হয়। এর আগে গত সপ্তাহে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে রোবট দুটি হস্তান্তর করে যুক্তরাষ্ট্র দূতাবাস।

জানা গেছে, এই রোবটগুলো বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞদের দূরবর্তী উপস্থিতিতে কাজ করে। ডিভাইস পরীক্ষা করে বোমাকে নিষ্ক্রিয় করে দিতে পারে। শুধু বোমা নয়, ল্যান্ডমাইন থেকে শুরু করে অবিস্ফোরিত গোলাবারুদ পর্যন্ত বিস্ফোরণ ঘটাতে পারে এই রোবট।

নগর পুলিশের উপকমিশনার লিয়াকত আলী খান জানান, রোবট চালানোর জন্য বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের ইওডি প্রযুক্তিবিদদের দ্বারা দুই সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হবে। আজ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এসে রোবট দুটি সেট আপ করে প্রশিক্ষণ শুরু করেন। কাউন্টার টেরোরিজম ইউনিটের ১৫ সদস্যকে অত্যাধুনিক এ রোবট পরিচালনায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি সিএমপিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের যাত্রা শুরু হয়। একজন উপ পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনারকে এ ইউনিটের দায়িত্ব দেয়া হয়। সন্ত্রাসবাদ, সন্ত্রাবাদে অর্থায়ন, সন্ত্রাসবাদে সহায়ক অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা এ ইউনিটের মূল লক্ষ্য বলে জানান কর্মকর্তারা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language