জাতীয়

অস্ত্র মামলায় পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড

ঢাকা, ০৯ মে – দুবাইয়ে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর ১৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুর্শিদ আহাম্মদ মঙ্গলবার এ রায় দেন। আরাভ খান পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ২৮ মার্চ মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ২০ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে মগবাজারের বাসায় যান। একটি গুলিভর্তি রিভলবারসহ শ্বশুরের বাসার সামনে থেকে গ্রেপ্তার হন আরাভ খান। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) উপ-পরিদর্শক সুজন কুমার কুণ্ডু।

মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ১ মার্চ আরাভ খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। একই বছরের ১০ মে আরাভের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান তিনি। এরপর জামিনে গিয়ে পলাতক থাকায় একই বছরের ২৪ অক্টোবর আরাভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

সূত্র: সমকাল
আইএ/ ০৯ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language