সিরাজগঞ্জ

পরীক্ষা কেন্দ্রে সিলিং ফ্যান খুলে পড়ে ৩ পরীক্ষার্থী আহত

সিরাজগঞ্জ, ০৭ মে – সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে।

রোববার (৭ মে) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার হাজি আহমাদ আলী আলিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।

জানা যায়, পরীক্ষা শুরুর প্রায় ২০মিনিট আগে পরীক্ষার হলের একটা ফ্যান হঠাৎ খুলে পড়ে। এতে তিন পরীক্ষার্থী আহত হয়। ফ্যানটি পড়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষায় অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রসচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে কেন্দ্রের ৬ নাম্বার কক্ষের ফ্যানটি হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। তবে সেটা গুরুতর ছিল না। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থভাবেই পরীক্ষা দিয়েছে।

হাজি আহমাদ আলী আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনয়েম বলেন, ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়েছে। হঠাৎ ফ্যানের ভেতরের প্যাচ খুলে পড়ে যায়। এতে তিন পরীক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে আঘাত গুরুতর ছিল না।

কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম মনিরুজ্জামান বলেন, তিন পরীক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় হালকা আঘাত লেগেছে। তবে কেউই গুরুতর আহত হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সবাই পরীক্ষা দিয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language