কৃষি আইনের প্রতিবাদে ‘পদ্মবিভূষণ’ নেবেন না সাবেক মুখ্যমন্ত্রী

নয়াদিল্লী, ০৩ ডিসেম্বর- ভারত সরকারের নতুন কৃষি আইনের প্রতিবাদে মাঠে নেমেছেন লাখ লাখ কৃষক। এই প্রতিবাদে যোগ দিচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এবার এই প্রতিবাদের সঙ্গে সুর মিলিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে ‘পদ্মবিভূষণ’ সম্মান নিতে অস্বীকার করেছেন তিনি।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত সরকারের দেয়া ‘পদ্মবিভূষণ’ ফেরানোর কথা জানিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নয়া কৃষি আইন কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করছে বলেই মত বর্ষীয়ান এই রাজনীতিবিদের। কৃষি আইনের প্রতিবাদ জানিয়েই ‘পদ্মবিভূষণ’ ফেরানোর সিদ্ধান্ত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
আগেই নয়া কৃষি আইন তৈরির মুখেই বিজেপি-র সঙ্গ ছেড়েছিল দীর্ঘদিনের সঙ্গী শিরোমণি অকালি দলও। সংসদে মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন দলের একমাত্র মন্ত্রী হরসিমরাত কাউর বাদল। এবার মোদি-শাহদের অস্বস্তি বাড়ালেন একদা জোটসঙ্গী শিরোমণি অকালি দলের প্রতিষ্ঠাতা প্রকাশ সিং বাদলও।
আরও পড়ুনঃ ভারতে বিজেপির রাজনৈতিক সাফল্যের গোপন রহস্য
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এরই মধ্যে মোদি সরকারের অস্বস্তি বাড়িয়েছে প্রকাশ সিং বাদল। দেশজুড়ে চলতে থাকা কৃষি আইনের বিরোধিতায় দিল্লি ঘেরাও করেছেন লাখ লাখ কৃষক।
বাম সংগঠন সারা ভারত কৃষক সভার নেতৃত্বে চলা এই আন্দোলনের পক্ষে ইতোমধ্যেই সরব হরিয়ানার বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী দুশ্মন্ত চৌতালা। তিনি পদত্যাগের হুমকি দিয়ে রেখেছেন। এর ফলে হরিয়ানায় বিজেপি পরিচালিত সরকার সংখ্যালঘু হতে চলেছে। সরকারও পড়ে যেতে পারে। এমন আশঙ্কায় ভুগছে এনডিএ শিবির।
সূত্রঃ জাগো নিউজ
আডি/০৩ ডিসেম্বর









