‘কুরুলুস ওসমান’ সিরিজের নায়কের পরিচয়

আঙ্কারা, ০৩ ডিসেম্বর- তুরস্কের ঐতিহাসিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে টেলিভিশন ধারাবাহিক ‘কুরুলুস ওসমান’। এতে উঠে এসেছে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের জীবনে গল্প। সিরিজে ‘ওসমান’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বুরাক ওজচিভিত।
তুর্কি মডেল ও অভিনেতা বুরাক ওজচিভিত। ১৯৮৪ সালের ২৫ ডিসেম্বর ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। কাজীম ইসমেন হাইস্কুল থেকে শিক্ষাজীবন শেষে মারমারা বিশ্ববিদ্যালয় থেকে ফটোগ্রাফি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি।
২০০৩ সালে ওজচিভিত তুরস্কের সেরা মডেল নির্বাচিত হন এবং একটি মডেল এজেন্সির সঙ্গে কাজ শুরু করেন। টেলিভিশন সিরিজ ‘এক্সি-১৮’র মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এ অভিনেতা। এরপর ‘জোড়াকি কোকা’, ‘ইহানেত’, ‘কাক সেলার’, ‘মুহতেম ইয়েজিল’, ‘ছালিখুশু’, ‘কারা সেবাদা’ ইত্যাদি তুর্কি সিরিয়ালে অভিনয় করেন।
টেলিভিশন ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ এ ‘মালকোওলু বালু বে’ চরিত্রে অভিনয় করেন বুরাক ওজচিভিত। তারপর ‘ছালিখুশু’ উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিকে ‘কামরান’ চরিত্রে অভিনয় করেন। এতে তার সঙ্গে ছিলেন ফাহরিয়ে ইভচেন। ২০১৫ সালে তুর্কি সিরিজ ‘কারা সেভদা’তে ‘কমল সয়াদি’র চরিত্রে অভিনয় করেন বুরাক ওজচিভিত। প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন ওজচিভিত। তার প্রযোজনা সংস্থার নাম বিআরকে’স প্রডাকশন।
বড় পর্দাতেও পা রেখেছেন এ অভিনেতা। ২০০৭ সালে বড় পর্দায় অভিনয় ঘটে তার। ওই বছর ‘মুসাল্লাত’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তারপর অভিনয় করেছেন ‘জারাফা’, ‘এক সানা বেনজার’, ‘কারদেছিম বেনিম-১’, ‘কারদেছিম বেনিম-২’ এবং ‘ক্যান ফিদা’ সিনেমায় অভিনয় করেছেন বুরাক ওজচিভিত।
২০১৭ সালের ৯ মার্চ জার্মানিতে ফাহরিয়ে ইভচেনের সঙ্গে আংটি বদল হয় বুরাক ওজচিভিতের। একই বছর ২৯ জুন ইস্তাম্বুলে বিয়ে করেন তারা। কারান নামে এক পুত্রসন্তান রয়েছে এ দম্পতির। স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে একাধিক পুরস্কার লাভ করেছেন এ অভিনেতা। যার মধ্যে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ ক্যাটাগরিতে পেয়েছেন মোট দশবার।
আডি/ ০৩ ডিসেম্বর









