নাঈম ও নাদিয়া মিম জুটি জনপ্রিয় হয়ে উঠছে

ঢাকা, ২৯ নভেম্বর- ক্যারিয়ারের শুরুতে ‘জাগো’ ও ‘রঙধনু’ নামে দুটি ছবিতে অভিনয় করলেও এখন নাটকেই নিয়মিত এফএস নাঈম। নিয়মিত কাজ করছেন ধারাবাহিক ও খণ্ড নাটকে। অন্যদিকে নাদিয়া মিম নাটকেই নিয়মিত।
গত বছর থেকে এ দুই অভিনয়শিল্পী জুটি বেঁধে কাজ করছেন নাটকে। তাদের অভিনীত ‘প্রিয়ন্তী’, ‘রোদেলা বৃষ্টি’, ‘পরম্পরা’, ‘মুখের দিকে দেখি’, ‘মধ্যবিত্ত’ শিরোনামে কয়েকটি নাটক দর্শকনন্দিতও হয়েছে।
সম্প্রতি নাদিয়া মিমকে নিয়ে নাঈম একটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন। নাম ‘যদি বড় হতে চাও’। আরও কয়েকটি নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ আছেন বলে জানিয়েছেন এ জুটি।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘নির্মাতারা চাইছেন বলেই আমরা একসঙ্গে অভিনয় করছি। তাছাড়া দর্শকও আমাদের জুটি পছন্দ করছেন। সবমিলিয়ে ভালো কিছু কাজ হচ্ছে এটি বলতে পারি।’ এদিকে আজ নাঈমের জন্মদিন। দিনটি নিয়ে কোনো পরিকল্পনা নেই তার। পারিবারিকভাবে কিছু ঘরোয়া আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।
সূত্রঃ যুগান্তর
আডি/ ২৯ নভেম্বর









