মধ্যপ্রাচ্য

ইরানি বিজ্ঞানী হত্যায় জড়িত ইসরায়েল?

তেহরান, ২৮ নভেম্বর- ইরানের খ্যাতিমান পদার্থবিজ্ঞানি মোহসেন ফাখরিযাদে হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েল জড়িত বলে জানিয়েছেন তিনজন মার্কিন কর্মকর্তা । এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ‘নিউইয়র্ক টাইমস’। তিন কর্মকর্তার মধ্যে দুজন গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে বিখ্যাত বিজ্ঞানী ও গবেষককে সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যা করা হয়। নিউইয়র্ক টাইমস বলছে, এই হত্যাকাণ্ডের কথা আমেরিকা আগে থেকে কতটুকু জানতো তা পরিষ্কার নয় তবে ইসরায়েল ও আমেরিকা নানা বিষয়ে গোয়েন্দা তথ্য শেয়ার করে থাকে।

হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েল জড়িত বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ প্রথম থেকেই জোরালো সন্দেহ প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে লজ্জাজনক এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৮ সালেন ইরানবিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফাখরিজাদের নাম বারবার উল্লেখ করেছিলেন। হুমকি দিয়ে বলেছিলেন,স্মরণ রাখবেন নামটি হচ্ছে ফাখরিজাদে।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/২৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language