ব্যবসা

ফের বাড়লো ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ

ঢাকা, ০৩ জানুয়ারি – ভোজ্যতেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ ফের বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী এপ্রিল পর্যন্ত সয়াবিন ও পাম তেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ ভোজ্যতেলে ভ্যাট অব্যাহতি সুবিধা ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলত বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এ সুবিধা দেয়া হচ্ছে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় রমজান ও ঈদুল ফিতরে ভোজ্যতেলের মূল্য এবং সরবরাহ স্থিতিশীল রাখতে ভ্যাট অব্যাহতির মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পরিশোধিত-অপরিশোধিত পামতেলের মূল্যে ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনা করে স্থানীয় বাজারে ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল রাখতে গত ৪ অক্টোবর এনবিআর এক আদেশের মাধ্যমে পরিশোধিত সয়াবিন ও পামতেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমূদয় ভ্যাট ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি প্রদান করে। এর আগে গতবছরের ১৬ মার্চ অপর এক আদেশে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পামতেলের আমদানি পর্যায়ে আরোপনীয় ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

আগে ব্যবসায়ীদের তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করতো। বর্তমানে দেশে প্রতিবছর ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ২ লাখ টন স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়। বাকী ১৮ লাখ টন আমদানি করতে হয়। আমদানি হয় প্রধানত সয়াবিন ও পাম তেল।

এর আগে গত বছরের ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর মাত্র দুইদিন পরেই ভোজ্যতেল আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। সে সময়ে এ নির্দেশের মেয়াদ ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে গেল ৩ জুলাই সে মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে এনবিআর।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language