মধ্যপ্রাচ্য

আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী

জেরুসালেম, ৩ জানুয়ারি – ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী উগ্র ডানপন্থী ইতামার বেন-গাভির। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন বেন গাভির।

এর আগে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড সতর্ক করেন, বেন-গাভিরের এ ধরনের সফর আরও সহিংসতার জন্ম দেবে।

আল-আকসা মসজিদটি মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। তবে এই স্থানটিকে ইহুদি ধর্মাবলম্বীরা ‘টেম্পল মাউন্ট’ হিসেবে অভিহিত করে থাকে।

বেন-গাভির ইসরায়েলের সেই উগ্র ডানপন্থী গোষ্ঠীর একজন, যারা বিশ্বাস করেন যে ইসরায়েল একটি ইহুদি জাতীয়তাবাদী ও জায়নিস্ট রাষ্ট্র। ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তারা ঘোর বিরোধী।

অতীতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে তিনি সমর্থন করেছেন, এবং টাইমস অফ ইসরায়েল পত্রিকার খবর অনুযায়ী, তিনি ‘অবিশ্বাসী’ আরব নাগরিকদের দেশ থেকে বল প্রয়োগ করে বহিষ্কারের আহ্বান জানিয়েছিলেন, যেটা দেশের ভেতর তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল।

ইতামার বেন-গাভির ১৯৭৬ সালের ৫ই মে জেরুজালেমের এক মহল্লায় ইরাকি ইহুদি পিতামাতার পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই তিনি অতি-অর্থোডক্স কাচ আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন।

বেন-গাভির ছিলেন হেব্রনের কেন্দ্রস্থলের কিরিয়াত আরবা বসতিতে কাচ আন্দোলনের নেতা নোয়াম ফ্রিডম্যানের অন্যতম সহকারি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৩ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language