শেষবারের মতো সান্তোসে পেলে

ব্রাসিলিয়া, ০২ জানুয়ারি – শেষ বারের মতো নিজের প্রিয় ক্লাব সান্তোসের ভিলা বেলমিরোতে পৌঁছেছেন পেলে। ঘরের ছেলেকে বিদায় দিতে স্টেডিয়াম প্রাঙ্গণে অপেক্ষা করছেন হাজারো ভক্ত। এখানে প্রায় ২৪ ঘণ্টা জনসাধারণের জন্য রাখা হবে পেলের মরদেহ। এরপর মঙ্গলবার (০৩ জানুয়ারি) সমাহিত করা হবে ফুটবলের রাজাকে।
প্রাণে প্রিয়জন বিয়োগের সুর। কফিনে মোড়ানো পেলের নিথর দেহটা নিয়ে এগোচ্ছে ধীরে ধীরে। তাকে অনুসরণ করছে অসংখ্য গাড়ি।
গন্তব্য আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে ভিলা বেলমিরো। এই পথে ফুটবলের রাজা বহুবার পাড়ি দিয়েছেন সানন্দে, সশব্দে। কিন্তু এবারই প্রথমবারের মতো পেলে ফিরছেন শেকড়ে। একদম নিরবে।
এই সান্তোসের হয়ে ক্যারিয়ারে ৬৩৬ গোল করেছিলেন পেলে। পেলেকে সর্বকালের অন্যতম সেরা করার পেছনে অবদান ছিল এখানকার মানুষেরও। কালো মানিককে শেষ বিদায় দিতে এসেছে হাজারো মানুষ। মর্ত্যলোকে পেলে কতটা জনপ্রিয়, তা বোঝা যায় তাকে শেষবার এক নজর দেখতে পাবার অভিপ্রায়ে।
সোমবার সকালেই শেষ বারের মতো প্রিয় ক্লাব সান্তোসের ভিলা বেলরিমোতে পৌঁছেছে পেলের নিথর দেহ। শেষ ইচ্ছা অনুযায়ী সান্তোসের ভিলা বেলমিরোতে মরদেহ ২৪ ঘণ্টা জনসাধারণের জন্য রাখা হবে। এরপর মঙ্গলবার পেলের মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়। নিয়ে যাওয়া হবে ক্যানাল ৬ সড়কের পৈতৃক বাড়ির সামনে দিয়ে। যেখানে থাকেন পেলের শত বছর বয়সী শয্যাশয়ী মা। ছেলেকে শেষবারের মতো একবার ছুঁয়ে দেখবেন বলে। স্মৃতি হারিয়ে ফেলায় তিনি জানেনই না তার ছেলে মারা গেছে।
এদিন মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা সমাধিস্থলের ১৪ তলা ভবনে সমাহিত করার কথা রয়েছে পেলেকে। এটি বিশ্বের সবচেয়ে উচুঁ ও খাড়া সমাধিস্থল। এর ওপর থেকে ভিলা বেলমিরো স্টেডিয়ামও দেখা যায়।
পেলেকে বিদায় দিতে ব্রাজিলে পৌঁছেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনাফান্তিনো, নেইমার’সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিবর্গ।
সূত্র: সময় টিভি
আইএ/ ২ জানুয়ারি ২০২৩









