নাটক

মুক্তিযোদ্ধা-শব্দ সৈনিক আলী যাকেরের জীবন পথ দেখাবে প্রজন্মকে

ঢাকা, ২৭ নভেম্বর- একজন আলী যাকের ছিলেন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক। মঞ্চে তুখোর নির্দেশক। তার সহজাত অভিনয় দিয়ে মুগ্ধ করেছিলেন কয়েক প্রজন্মকে।

থিয়েটার দলগত শিল্প, তবুও ব্যক্তি তার অনন্য প্রতিভায় কখনো কখনো যুগচিহ্ন হয়ে যান। তেমনি একজন আলী যাকের। বাংলাদেশের নিজস্ব নাট্যরীতি নির্মাণের অন্যতম পুরোধা তিনি। মুক্তিযুদ্ধের প্রেরণায় উৎসারিত বাঙালি জাতীয়তাবাদ ও স্বদেশজাত শিল্প ভাবনা প্রেরণায়, ইউরোপীয় নাট্যরীতি প্রচলন ভেঙ্গে বেরিয়ে এসেছেন তিনি।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে আরণ্যক নাট্যদলে তার শিল্প জীবনে সূচনা হয়। নাট্যকার মুনীর চৌধুরীর কবর নাটক দিয়ে মঞ্চের জীবন শুরু হয় তার। এর পর থিয়েটারকে তিনি জীবনের অংশ করে নিয়েছিলেন।

আলী যাকেরের জীবন যেন বিচিত্র এক বর্ণচ্ছটা। অভিনয় তো বটেই নাট্য নির্মাণেও ছিলেন তিনি অগ্রগণ্য।এছাড়া, শৌখিন ফটোগ্রাফার হিসাবেও তিনি সবার দৃষ্টি কাড়তে সক্ষম ছিলেন।

স্বাধীনতার সময় নিজের সর্বচ্চো দিয়ে দেশকে স্বাধীন করতে চেয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসংগ্রামী ছিলেন তিনি। একাত্তরে আট নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আলী যাকের। মুক্তিযুদ্ধ যাদুঘরের অন্যতম একজন ট্রাস্টি ছিলেন তিনি। লিখেছেন বই। দৈনিক পত্রিকাতে তার শিল্প ভাবনা ও সমাজ ভাবনা তুলে ধরতেন তিনি অপকটে।

চলে গেলেন আলী যাকের। তবে স্বদেশ-স্বভূমি প্রতি যে গভীর অনুরাগের জীবন কাটালেন তিনি, তা-ই আগামীর মানুষকে পথ দেখাবে নিশ্চিতভাবে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language