ফরিদপুরে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার
ফরিদপুর, ২৪ ডিসেম্বর – ফরিদপুরে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের কাঠপট্টি এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন (৪৫), জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল শেখ (৩৭), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ফারুক হোসেন (৩৬ ), আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি বাদশা মিয়া (৪৩), বিএনপি কর্মী হাশেম খান (৫৪) ও জেলা সদরের গেরদা বউঘাটা এলাকার মো. জাহিদ হোসেন (৪৩)।
শনিবার রাজধানী ঢাকা ছাড়াও সারা দেশে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরে গ্রেফতার করা হলো বিএনপির এই ছয় নেতাকর্মীকে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। কিংবা যারা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে কিংবা এ ব্যাপারে পূর্বের অভিযোগ রয়েছে এবং যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, তাদের গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে এ জাতীয় কোনো অভিযোগ নেই, তাদের কাউকে হয়রানি করা হবে না।
সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২২









