চট্টগ্রাম

একসঙ্গে ৬ সন্তানের জন্ম, দেড় ঘণ্টার মধ্যেই মারা গেলো সবাই

চট্টগ্রাম, ২১ ডিসেম্বর – চট্টগ্রামের ফটিকছড়িতে একসঙ্গে ছয় সন্তান জন্ম দিয়েছেন তাসলিমা আকতার নামে এক নারী। তবে দেড় ঘণ্টা পর ছয় নবজাতকই মারা যায়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সেবা ক্লিনিক ও নার্সিং হোম নামের বেসরকারি একটি হাসপাতালে নরমাল ডেলিভারিতে এসব নবজাতকের জন্ম হয়।

হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তুজ জোহরার তত্ত্বাবধানে এসব বাচ্চা জন্ম নেয়। ছয় নবজাতকের পিতা দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুলা বাপের বাড়ির বাসিন্দা।

চিকিৎসক উম্মে ফাতেমা তুজ জোহরা জানিয়েছেন, অপরিণত হওয়ায় দেড় ঘণ্টা জীবিত থাকার পর মারা যায় ছয় নবজাতক। তবে প্রসূতি সুস্থ রয়েছেন। চারটি ছেলে ও দুটি মেয়ে ছিলো। তাদের ওজন ছিলো ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে।

তাছলিমার স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রসবব্যথা উঠলে তাছলিমাকে নাজিরহাট পৌর সদরের সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয়। তিনি সাড়ে পাঁচ মাসের সন্তানসম্ভবা ছিলেন। সন্ধ্যার দিকে হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। এতে ধীরে ধীরে ছয়টি নবজাতকের জন্ম হয়। কিন্তু নবজাতকদেরকে বাঁচানো সম্ভব হয়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ বাংলাদেশ জার্নাল


Back to top button
🌐 Read in Your Language