আইন-আদালত

আপিল বিভাগের নতুন ৩ বিচারপতিকে সংবর্ধনা

ঢাকা, ১১ ডিসেম্বর – সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

রোববার (১১ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে তাদের সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনার সময় আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বক্তব্য রাখেন।

এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তার নির্দেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন।

পরে ৮ ডিসেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৬ জন বিচারপতি ছিলেন। নতুন তিন বিচারপতি নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৯ জনে।

সূত্র: সময় টিভি
আইএ/ ১১ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language