ফুটবল

লজ্জার হারের পর ইনজুরিতে দুই ব্রাজিল ফুটবলার

দোহা, ০৩ ডিসেম্বর – বিশ্বকাপের নক আউটে এশিয়ার জায়েন্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ধাক্কা খেল লাতিন পরাশক্তি ব্রাজিল। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গ্যাব্রিয়েল জেসুস। ছিটকে যাওয়ার সম্ভাবনা আলেক্স টেলেসেরও। এমনটাই দাবি করেছে ব্রাজিলের এক সংবাদমাধ্যম।

‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে খেলতে গিয়ে একই রকম চোট পান দু’জন। এমআরআই রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপে তাদের পাওয়ার সম্ভবনা খুবই কম। তবে ব্রাজিলে পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু জানানো হয়নি।

ক্যামেরুন ম্যাচের পর ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, টেলেস বলছিল ওর হাঁটুতে যন্ত্রণা করছে। সাজঘরে ওর চোট পরীক্ষা করা হয়েছে। শনিবার ওর এমআরআই করা হবে। তার পরেই চোটের পরিস্থিতি বুঝতে পারব। জেসুসের ডান হাঁটুতে ব্যথা করছে। তাকে পরীক্ষা করা হয়েছে এবং এমআরআই করা হবে।

শনিবার এমআরআই করার পরেই জানা যায় দু’জনের চোটের অবস্থা খুব একটা ভাল নয়। ব্রাজিল দলে জেসুস ফরোয়ার্ডে খেলেন। টেলেস রক্ষণ ভাগের খেলোয়াড়। কোরিয়ার বিপক্ষে ব্রাজিল প্রথম দল খেলালে দু’জনেরই প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম ছিল।

ব্রাজিল দলে চিন্তা রয়েছে নেইমার-দানিলোকে নিয়েও। সেই প্রসঙ্গে রদ্রিগো বলেছেন, নেইমার এবং আলেক্স সান্দ্রোকে নিয়ে আমাদের হাতে সময় রয়েছে। সম্ভাবনাও রয়েছে ওদের খেলার। এখনই আমরা চূড়ান্ত কিছু বলতে পারছি না। কারণ এখনো নেইমার বল নিয়ে অনুশীলন শুরু করেনি। আশা করি দ্রুত অনুশীলন শুরু করবে। চোট সারিয়ে দলের সঙ্গে কী ভাবে মানিয়ে নিতে পারে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। তার পরেই আমরা সিদ্ধান্ত নেব ওদের খেলানো হবে কি না।

রদ্রিগো আরও বলেন, দানিলোর উন্নতি খুবই ভাল হচ্ছে। বলের সঙ্গে ভালই অনুশীলন করেছে শুক্রবার। যে ভাবে খেলাতে চাইছি সে ভাবে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আশা করি শনিবার ও ভাল ভাবেই অনুশীলন করতে পারবে। দেখা যাক সেখানে সব ঠিকঠাক থাকে কিনা। আশা করি ওকে অন্তত পরের ম্যাচে খেলতে দেখা যাবে।

উল্লেখ্য, ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে নেইমারকে দলের সঙ্গে স্টেডিয়ামে আসতে দেখা যায়। গ্যালারিতে বসে সতীর্থদের খেলা দেখলেন। সুইজারল্যান্ড ম্যাচে জ্বরের কারণে হোটেলে কাটালেও ক্যামেরুন ম্যাচে তাকে স্টেডিয়ামে হাজির থাকতে দেখে উৎফুল্ল সমর্থকরা। ব্রাজিলের ‘পোষ্টার বয়’ নেইমার ইতিমধ্যেই জ্বর সারিয়ে জিমে অনুশীলন শুরু করে দিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language