শিক্ষা

জানা গেলো প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশের চূড়ান্ত সময়

ঢাকা, ২৭ নভেম্বর – সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে সোমবার (২৮ নভেম্বর)।

রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ কমিটির এক সদস্য ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) কর্মকর্তা।

তিনি বলেন, সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল তৈরির সব কাজ শেষ। গত বৃহস্পতিবার বুয়েটে গিয়ে ফলাফল যাচাই-বাছাই করা হয়েছে। সোমবার বিকেলের মধ্যে এটি প্রকাশ করা হবে।

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদ সংখ্যা বাড়ানোর দাবিতে চাকরিপ্রার্থীরা গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন। এ জন্য এক রকম চুপিসারে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করতে চান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। যে কারণে আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে যে কোনো সময় ফল প্রকাশ হতে পারে।

এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, আর দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন উত্তীর্ণ হন।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯-এর ৮ ধারার ২ নম্বর উপধারার (ঘ)-তে বলা হয়েছে, নির্ধারিত কোটার শিক্ষকদের মধ্যে প্রত্যেক ক্যাটাগরিতে (নারী ৬০ শতাংশ, পোষ্য ২০ শতাংশ ও অবশিষ্ট পুরুষ) অবশ্যই ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তবে শর্ত থাকে, এভাবে ২০ শতাংশ কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া যাবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language