সৌদিতে নেতানিয়াহুর গোপন সফর, যুবরাজের সঙ্গে সাক্ষাত

রিয়াদ, ২৩ নভেম্বর- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু গোপনে সৌদি আরব সফর করছেন বলে খবর বের হয়েছে।
ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, নেতানিয়াহু গোপনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাতের জন্য সৌদি আরবে সফর করছেন।
খবরে বলা হয়, ফ্লাইট ট্রেকিং ডাটার তথ্যে দেখা যাচ্ছে, পূর্বে নেতানিয়াহুর ব্যবহার করা একটি বাণিজ্যিক প্লেন সৌদি আরবের নিওম শহরে গেছে। যে শহরে পম্পেও এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে সাক্ষাৎ হয়েছে।
যদি ঘটনা সত্য হয়, তবে এটিই হবে ঐতিহাসিক শত্রুভাবাপন্ন দেশ দুটির নেতাদের মধ্যে প্রথম বৈঠক। আর এর পেছনে কাজ করছে যুক্তরাষ্ট্র। দেশটি চায় ইসরায়েলের সঙ্গে যেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্ক স্বাভাবিক করে।
সম্প্রতি ট্রাম্পের উদ্যোগে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্পর্ক স্বাভাবিক করে। আর এসব দেশের পদক্ষেপের প্রশংসা করেছে সৌদি আরব।
সূত্র: বাংলানিউজ
আর/০৮:১৪/২৩ নভেম্বর









