পশ্চিমবঙ্গ

‘সৌরভকে বেআইনিভাবে সরানো হয়েছে’ দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা

কলকাতা, ৪ নভেম্বর – ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার রজার বিনি।

তখনই গুঞ্জন ছিল ক্ষমতাসীনদের সাথে বুনিবনা না হওয়াতেই শেষ হলো সৌরভের দাদাগিরি। সৌরভ নিজেও এমন সিদ্ধান্ত খুশি মনে মেনে নেননি। উল্টো ইঙ্গিত হর্তাকর্তাদের দিকেই আঙুল ‍তুলেছেন।

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়ার বিষয়টি বেআইনি দাবি করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। স্থানীয় প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, মামলাটি দায়ের করা হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।
এ বছরই বিসিসিআইয়ের সভাপতি পদে মেয়াদ শেষ হয় সৌরভের। তার পর আর তাকে সুযোগ দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সংস্থায় ছয়বছর এবং বোর্ডে ছয় বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। সেই হিসাব অনুযায়ী, সৌরভের কাছে আরও তিন বছর সময় ছিল বোর্ডের সভাপতি থাকার।

শুক্রবার সৌরভকে না-রাখা নিয়ে প্রশ্ন তুলে মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ। তিনি বলেন, ‘বিসিসিআই-এর সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ যদি পুনর্বার বোর্ডে থাকতে পারেন, তবে সৌরভ নয় কেন? তাকে কি রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে।” আগামী সপ্তাহে প্রধান বিচারপতি শ্রীবাস্তব এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

বিসিসিআই থেকে সরে যাওয়ার পর বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের নির্বাচনে লড়বেন বলে জানিয়েছিলেন সৌরভ। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হয়নি। সৌরভ পরে বলেন, ‘নির্বাচনই হল না। যে কোনও কারণেই হোক নির্বাচন হয়নি। জানি না কেন হয়নি।’ সৌরভও আর সভাপতি পদে লড়েননি।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ৪ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language