এবার অক্ষয়ের বিরুদ্ধে সেই ইউটিউবারের আইনি নোটিশ

মুম্বাই, ২২ নভেম্বর – বলিউড অভিনেতা অক্ষয়ের অভিযোগের বিরোধিতা করে এবার উল্টো তাকে আইনি নোটিশ পাঠালেন রশিদ সিদ্দিকি নামের এক ইউটিউবার । একই সঙ্গে মানহানির মামলায় দাবি করা ৫০০ কোটি রুপি দিতেও অস্বীকার করেছেন তিনি।
ওই ইউটিউবারের ভাষ্য, তার ভিডিওতে অক্ষয় কুমারের মানহানিকর এমন কিছু নেই। এমনকি অক্ষয়ের কাছে রশিদের আবেদন, মামলা তুলে নেওয়ার জন্য।
গত শুক্রবার আইনজীবী জেপি জয়েসওয়ালের সহযোগিতায় অক্ষয়ের নিকট এ আইনি নোটিশ পাঠিয়েছেন রশিদ সিদ্দিকি। তার দাবি, অক্ষয় কুমারের দাবি মিথ্যা, শুধু শুধু রশিদকে হেনস্তা করার জন্যই এমন দাবি করা হয়েছে।
তার আইনজীবী বলেছেন, ‘মানহানির জন্য ৫০০ কোটি রুপি চাওয়ার কোনো মানেই হয় না। আমার মক্কেলের ওপর চাপ সৃষ্টির জন্যই এমন কথা বলা হয়েছে।’
আরও পড়ুন : সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৭ কোটি রুপি গায়েব!
তার আরও দাবি, বিভিন্ন সময় অক্ষয় কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ। বেছে বেছে বিহারের এই ইউটিউবারকেই কেন টার্গেট করলেন অক্ষয়? এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছেন তারা।
এর আগেও রশিদ সিদ্দিকিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সুশান্ত মামলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তার ছেলে আদিত্য ঠাকরের নাম টেনে আনার জন্য। ডিজিটাল প্ল্যাটফর্মে এ ধরনের ভিডিও তৈরি করে এবং তাতে ভুয়া খবর পরিবেশনের মাধ্যমে জনগণকে মিথ্যা খবর দেওয়ার অভিযোগ উঠেছে সিদ্দিকির বিরুদ্ধে। অক্ষয় কুমারের নামও তিনি একাধিকবার বিভিন্ন ইস্যুতে নিয়েছেন।
রশিদ সিদ্দিকী নামের ওই ইউটিউবার সম্প্রতি ইউটিউবে প্রচারণা চালিয়েছিলেন যে, রিয়া চক্রবর্তীকে কানাডায় পালাতে সাহায্য করছেন অক্ষয় কুমার। যাকে সম্পূর্ণ ভূয়া এবং মিথ্যা খবর বলে বেজায় চটেছেন অক্ষয়। শুধু তাই নয় এ ঘটনায় ওই ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলাও দায়ের করেন এ অভিনেতা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এন এ/ ২২ নভেম্বর









