নারায়নগঞ্জ

২৬ দিনের মেয়েসন্তানকে আছড়ে হত্যা করলেন পাষণ্ড বাবা

রেদুয়ান আহম্মেদ রাহাত

নারায়ণগঞ্জ, ২১ নভেম্বর- নারায়ণগঞ্জের রূপগঞ্জে মীম আক্তার নামে ২৬ দিনের মেয়েসন্তানকে আছড়ে ফেলে হত্যা করেছেন কামাল হোসেন নামে এক পাষণ্ড বাবা।

নির্মম ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও দক্ষিণপাড়া এলাকায়। ঘাতক কামাল পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার বাবুলের ছেলে।

নিহত শিশুর মা খাদিজা আক্তার জানান, তিনি দক্ষিণপাড়া এলাকার হারুনুর রশিদের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে কামালের সাথে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন কামাল। তিনি সবসময় ছেলে সন্তানের আশা করতেন। কিন্তু ২৬ দিন আগে একটি মেয়েসন্তান জন্ম দেন খাদিজা।

এরপর থেকেই খাদিজার সাথে খারাপ আচরণ শুরু করেন কামাল। ১০ দিন আগে মীমকে মেরে ফেলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। শনিবার ভোরে মীম কান্না শুরু করলে কোলে তুলে মাটিতে আছড়ে ফেলে দেন পাষণ্ড বাবা। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

শিশুটির মা খাদিজা আরো জানান, তার স্বামী আড়াইহাজার থানাধীন ছনপাড়া এলাকায় একটি হোটেলে চাকরি করেন। তার ছেলে হলে সেখানে এক ব্যক্তির কাছে বিক্রি করার কথা ছিল। তার সেই স্বপ্ন পূরণ না হওয়ায় মীমকে হত্যা করেন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শিশুর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাবাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: নতুন সময়

আর/০৮:১৪/২১ নভেম্বর

Back to top button