কক্সবাজার

সৈকতে গোসলে নেমে ফের পর্যটকের মৃত্যু

কক্সবাজার, ১১ অক্টোবর – কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সুমন (৪০)। তিনি ঢাকার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ বলেন, সোমবার ঢাকা থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ সুমন। তারা কক্সবাজার পৌঁছে সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন এক আবাসিক হোটেলে উঠেন।

মঙ্গলবার দুপুরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মোহাম্মদ সুমন সমুদ্র সৈকতে ঘুরতে যান। এক পর্যায়ে তারা সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নামেন। এসময় স্রোতের টানে ভেসে যান মোহাম্মদ সুমন।

তিনি আরও বলেন, বিষয়টি সুমনের স্ত্রী সৈকতের লাইফগার্ড কর্মী ও বিচ কর্মীদের অবহিত করেন। তাৎক্ষণিক লাইফগার্ড ও বিচ কর্মীরা জেটস্কির সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন। এক পর্যায়ে মুমূর্ষাবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এরপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক মোহাম্মদ সুমনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language