ফুটবল খেলেই এই মেয়েদের টিভি-মোবাইল, ব্যাংকে টাকা: সালাউদ্দিন
ঢাকা, ২০ সেপ্টেম্বর – ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা নিজেদের ভাগ্য পরিবর্তন করছে। হয়েছে সাবলম্বী। সেটাই সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
সাবিনাদের সাফ জেতার পর সালাউদ্দিন বলেছেন, ‘প্রথম যখন এই মেয়েদের বাবা-মাকে ডেকেছিলাম, তখন তাদের কিছুই ছিল না। বড়জোর মাসিক আয় ছিল ৮-১০ হাজার টাকা। এখন এই ফুটবল খেলার ফলেই তাদের ঘরে ঘরে দুইটা টিভি, চারটা মোবাইল, ব্যাংক ব্যালেন্স। কাল (বুধবার) বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় যে সংবর্ধনাটা দেবে, সেটা দেখার পর অন্য মেয়েরা খেলার জন্য উদগ্রীব হয়ে উঠবে।’
মেয়েদের একাডেমি নিয়েও প্রশ্নের সামনে পড়েন বাফুফে প্রধান। উত্তরে বাস্তবতা তুলে ধরেন তিনি, ‘একাডেমি করা অত সহজ নয়। টকশো-তে দেখেছি অমুক ব্যারিস্টার, তমুক ইঞ্জিনিয়ার একাডেমি করে ফেলেছি। ওরকম একাডেমি করাই যায়। আমরা সত্যিকারের একাডেমি করতে চাই। ইতিমধ্যে মেয়েদের ও ছেলেদের একটা করে একাডেমি আছে।’
সঙ্গে যোগ করেছেন, ‘আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি মেয়েদের জন্য আরও একটি ও ছেলেদের জন্য দুটি একাডেমি করে দেয়ার। একাডেমি চালিয়ে নেয়া হচ্ছে চ্যালেঞ্জ। একাডেমি চালাতে বছরে সাড়ে ৪ কোটি টাকা লাগে।’
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২২









