‘ঘটনাচক্রে ট্রাক মালিকরা তৃণমূলের পাণ্ডা’, কনভয় দুর্ঘটনা নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য়

কলকাতা, ২৩ আগস্ট – জুলাই মাসের ১ তারিখে প্রথমবার দুর্ঘটনার কবলে পড়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আঘাত না পেলেও তাঁর কনভয় গত দেড় মাসে তিনবার পড়েছে দুর্ঘটনার কবলে। এই ঘটনাকে আর তাই সহজ করে দেখতে নারাজ বিজেপি। এরই মধ্যে শুভেন্দু অধিকারী দাবি করলেন, ট্রাক চালকেরা ঘটনাচক্রে তৃণমূলের সঙ্গে যুক্ত। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন তিনি। যদিও তাঁর এই তত্ত্ব মানতে নারাজ তৃণমূল।
কনভয় দুর্ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু জানান, তিনি এ বিষয়ে বেশি মন্তব্য করবেন না। তাঁর দাবি, যেহেতু তিনি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তাই এই ধরনের ঘটনা প্রত্যাশিত আর তার জন্য তিনিও প্রস্তুত। কিন্তু তাঁর দাবি, প্রতিবার যে ট্রাক বা লরির ধাক্কায় দুর্ঘটনা ঘটে, সেগুলির মালিকেরা ‘তৃণমূলের পাণ্ডা’। সূত্রের খবর, সোমবার পূর্ব মেদিনীপুরের মরিশদায় শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কায় যে দুর্ঘটনা ঘটেছে, সেই ট্রাকের মালিক নন্দকুমারের তৃণমূল নেতা বিশ্বনাথ বেরা।
গত জুলাই মাসেও এই মরিশদাতেই দুর্ঘটনা ঘটেছিল। আহত হয়েছিলেন কনভয়ে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর জুলাই মাসেই কলকাতায় ফের দুর্ঘটনার কবলে পড়েছিল কনভয়।
খুব শীঘ্রই বঙ্গ বিজেপি কনভয় দুর্ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করবে বলে সূত্রের খবর। বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেছেন, বিরোধী দলনেতা যেহেতু সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, তাই তাঁকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হয়ে থাকতে পারে।
অন্যদিকে, তৃণমূলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, সরু রাস্তা দিয়ে দ্রুতগতিতে ছুটে যায় কনভয়, উল্টোদিক থেকে আসা ট্রাকের ধাক্কায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে কুণালের দাবি, আদালতে গিয়ে সস্তার রাজনীতি করতে চাইছে বিজেপি।
সূত্র: টিভিনাইন
এম ইউ/২৩ আগস্ট ২০২২









