ঢালিউড

অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন ‘দিন: দ্য ডে’র পরিচালক

ঢাকা, ১৮ আগস্ট – বাংলাদেশি অভিনেতা, প্রযোজক ও গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারই ‘দিন: দ্য ডে’ ছবির নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্তর বিরুদ্ধে তিনি আন্তর্জাতিকভাবে আইনি ব্যবস্থা নিতে চলেছেন বলে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের আদালতেও মামলা করবেন বলে উল্লেখ করেছেন।

কিন্তু অনন্তর ওপরে হঠাৎ কেন ক্ষেপলেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। কী অভিযোগ তার। মুর্তজার অভিযোগ, অনন্ত জলিল তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছেন। তার কথায়, ‘দিন: দ্য ডে’ ছবির অর্ধেক প্রযোজনা আমাদের। অনন্ত আমাদের সেই অর্ধেক প্রযোজিত ছবি নষ্ট করে ফেলেছেন। তার মতো করে ছবিটি চালিয়েছেন। অথচ আমি ছবিটির প্রধান প্রযোজক।’

মুর্তজা আরও লিখেছেন, ‘আমি বাঙালি সংস্কৃতিকে সম্মান করি। এ কারণে অনন্তর সঙ্গে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো সমাধান দেননি। চার বছর ধরে আমাদের অংশের টাকা ফেরত দিতে তাকে অনুরোধ করছি। কিন্তু তিনি টাকা ফেরত দেননি, যোগাযোগও করেননি। অনন্ত তার বিরুদ্ধে তেহরানে অভিযোগ করা এবং আন্তর্জাতিক উকিলের মাধ্যমে মামলা করা ছাড়া কোনো পথ খোলা রাখেননি।’

যদিও অনন্ত জলিল তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘চার বছর পর এ কেমন অভিযোগ? এটার কোনো ভিত্তি নেই। মুর্তজার সঙ্গে যে চুক্তি হয়েছিল তার লিগ্যাল পেপার আমার হাতে আছে। আসলে খোঁজ নিয়ে দেখা যাবে কিছুই না। নিশ্চয়ই বাংলাদেশ থেকে কেউ কলকাঠি নাড়ছে।’

গত কোরবানির ঈদে সারা দেশে মুক্তি পায় ‘দিন: দ্য ডে’ ছবিটি। সেখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। আরও অভিনয় করেছেন খল অভিনেতা মিশা সওদাগরসহ ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা। ছবিটির শুটিংও হয়েছে এসব দেশে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘দিন: দ্য ডে’।

এম ইউ/১৮ আগস্ট ২০২২

Back to top button
🌐 Read in Your Language