নিলামে কেনা স্যুটকেসে মিলল মানুষের দেহাবশেষ

নিলামে কেনা একটি পরিত্যক্ত স্যুটকেস থেকে মানুষের দেহাবশেষ পাওয়া গেল এবার। গত বৃহস্পতিবার অভিযোগ পাওয়ার পর পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। ঘটনাটি নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডের। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।
পরিত্যক্ত হিসেবে নিলাম থেকে স্যুটকেসটি কেনেন দক্ষিণ অকল্যান্ডের এক বাসিন্দা। বাড়িতে এসে দেখেন স্যুটকেসের ভেতর মানুষের দেহাবশেষ। ভয়ংকর এই আবিষ্কারের পর বৃহস্পতিবার তিনি পুলিশে অভিযোগ জানান। স্থানীয় পুলিশ কর্মকর্তা তোফিলাউ ফামানুইয়া ভায়েলুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, স্যুটকেসের ক্রেতার পরিবার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়।
ভায়েলুয়া বলেন, ‘মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় বের করাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে আমরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারি। ’
ময়নাতদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ এবং ফরেনসিক তদন্তকারীরা নিহতের সংখ্যা নির্ধারণের চেষ্টা করছেন। স্যুটকেসটি যে প্রতিষ্ঠান বিক্রি করেছে তারাও পুলিশকে সাহায্য করছে।
এ ছাড়া এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছে পুলিশ।
এম ইউ









