ঢাকা

প্রেম করে বিয়ে, ২ মাস না যেতেই স্ত্রীকে খুন

ঢাকা, ০৫ আগস্ট – স্মৃতির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জাহিদুলের। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের দুই মাস যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে দেখা দেয় কলহ। গত ২৮ জুন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হলে স্ত্রী স্মৃতিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান স্বামী জাহিদুল।

গাজীপুরের শ্রীপুরের বারতোপা গ্রামে বসতঘর থেকে খাদিজা বেগম স্মৃতির (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামী জাহিদুল ইসলামকে (২৭) আটক করে র‌্যাব। স্মৃতি হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন জাহিদুল।

গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসএম মাঈদুল ইসলাম এ তথ্য জানান। নিহত খাদিজা বেগম স্মৃতি বারতোপা গ্রামের মৃত বাহাদুর খাদেমের মেয়ে। আটক জাহিদুল ইসলাম জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের সবুর উদ্দিনের ছেলে।

র‌্যাব কর্মকর্তা এএসএম মাঈদুল ইসলাম জানান, গত ২৮ জুন গাজীপুরের শ্রীপুরের বারতোপা গ্রামের বাবার বসতঘর থেকে খাদিজা বেগম স্মৃতির মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের পক্ষ থেকে ঘটনাটি হত্যাকাণ্ড বলে জানানো হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি র‌্যাব তদন্ত শুরু করে। বৃহস্পতিবার গোপন সংবাদে স্মৃতির স্বামী জাহিদুলকে রাজধানীর ধানমন্ডির গ্রিনরোড এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল র‌্যাবকে জানায়, গত ঈদুল ফিতরের আগের দিন তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। প্রথমে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও পরে নানা বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হয়। বিভিন্নজনের সঙ্গে স্মৃতির অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ হয় তার, তাদের মধ্যে ঝগড়াও হয়। ঘটনাটি শাশুড়িকে জানালে তিনি কোনো সমাধান না দিয়ে উল্টো জাহিদুলকে দোষারোপ করে নানা হুমকি দেন। এ নিয়ে গত ২৮ জুন সকাল ১০টার দিকে স্মৃতির সঙ্গে পুনরায় ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে স্মৃতিকে গলাচেপে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বসতঘরে রেখে পালিয়ে যান জাহিদুল।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা আলেয়া বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন। আজ শুক্রবার আসামিকে আদালতে পাঠানো হবে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৫ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language