জাতীয়পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশি আটক

কলকাতা, ২৪ জুন – জঙ্গি সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গে মোহাম্মদ সুমন (২৭) এবং মোহাম্মদ মনির (৩০) নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার হাওড়া জেলার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ থেকে তাদেরকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা শাখা।

এসময় তাদের কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড ও জাল পাসপোর্ট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলা করেছে পুলিশ। এরপর তাদেরকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক দুজনকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা এক মাস আগে রিপন নামধারী এক দালালের মাধ্যমে ভারতের ত্রিপুরার রাজ্যের সীমান্ত অবৈধভাবে অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন। পরে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার ডোমজুরে মইনুল কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন।

প্রসঙ্গত, মাস তিনেক আগে বাঁকড়া এলাকা থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে এক জেএমবি সদস্য গ্রেপ্তার হলেও বাকিরা পালিয়ে যায়।

সূত্রের খবর পলাতক জঙ্গিদের সঙ্গে সন্ধানে চালানো অভিযানেই এই দুই বাংলাদেশি নাগরিক পুলিশের জালে ধরা পড়েন। তবে তাদের সঙ্গে পলাতক জঙ্গিদের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এজন্য তাদের থেকে পাওয়া সকল তথ্য খতিয়ে দেখতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনএইএ) কাছে পাঠানো হয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/২৪ জুন ২০২২


Back to top button
🌐 Read in Your Language