ইউরোপ

এখনো বাইডেনের বিজয় নিয়ে চুপ পুতিন

মস্কো, ০৯ নভেম্বর- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক শিবিরের প্রার্থী জো বাইডেনের নাম ঘোষণা করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো। এমন ঘোষণার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্র ও সরকার প্রধানরা জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন।

কিন্তু ট্রাম্পের কিছু মিত্র ও শত্রু এখনো বাইডেনকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে নিশ্চুপ ভূমিকা পালন করছেন।

ট্রাম্পের আমলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক ছিল। রিপাবলিকান প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হোন এটাই ছিল রুশ প্রশাসনের প্রত্যাশা।

মস্কো তার কূটনৈতিক পর্যায় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বাইডেনকে এখনো অভিনন্দন জানাননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

চীনের সঙ্গে ট্রাম্পের সবচেয়ে বাজে সম্পর্ক হলেও প্রেসিডেন্ট শি চিনপিংও এখনো মুখ খোলেননি। বাইডেন চীনের প্রতি অনেকটাই নমনীয়, কিন্তু তারপরেও চিনপিংকে অতি উৎসাহী আচরণ করতে দেখা যাচ্ছে না।

তুরস্কও এখন পর্যন্ত বাইডেনকে অভিনন্দন জানায়নি। তুরস্ক এবং দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের কড়া সমালোচক এই ডেমোক্র্যাট। এরদোয়ানকে সরাতে বিরোধীদের সঙ্গে কাজ করার কথা বলেছেন বাইডেন।

এদিকে নির্বাচনে জয় পাওয়ার ২৪ ঘণ্টা পর বাইডেনকে স্বাগত জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ডোনাল্ড ট্রাম্পের।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/৯ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language