নাটক

প্রতারণার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিনেতা সাব্বিরের মামলা

ঢাকা, ২৪ এপ্রিল – প্রতারণার অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন অভিনেতা সাব্বির আহমেদ। রোববার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহের আদালতে নিজে বাদী হয়ে এ মামলা করেন তিনি।

মামলায় রেজাউল করিম নামে সাব্বিরের এক আত্মীয় ও তার স্ত্রী লিপি আক্তারকে আসামি করা হয়েছে। এর আগে আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আত্মীয়তার সূত্র ধরে রেজাউল করিম ব্যবসা বাড়াতে লভ্যাংশ দেওয়ার কথা বলে ২০১৬ সালের ২৯ আগস্ট সাব্বিরের কাছ থেকে ৯ লাখ ৭২ হাজার টাকা নেন। এছাড়াও একই অজুহাতে সাব্বিরের ভাই ফজলে রাব্বির কাছ থেকে নেন ২৩ লাখ টাকা। ওইদিন এ মামলার আরেক সাক্ষী সুলতানা পারভীনের কাছ থেকে ৪ লাখ ৩৬ হাজার টাকা নেন রেজাউল।

এভাবে সব মিলিয়ে মোট ৩৭ লাখ ৮ হাজার টাকা নেন আসামি রেজাউল। ওই সময় ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে রেজাউল অঙ্গীকার করেন, মোট টাকার ১০ থেকে ১৫ লাখ টাকা তিনি নগদে পরিশোধ করবেন। বাকি টাকা ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পরিশোধ করবেন। ওই সময় ভুক্তভোগীরা রেজাউল করিমের কথায় বিশ্বাস না করলে তার স্ত্রী লিপি আক্তার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন তাদের।

এরপর ২০১৭ সালের শেষ পর্যায়েও আসামি তাদের টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করে। এরপর পারিবারিকভাবে বৈঠকের পর প্রতিশ্রুতি দিয়েও এখন পর্যন্ত কোনো টাকা দেয়নি রেজাউল।

পরে এ বিষয় নিয়ে সাব্বির আহমেদ থানায় মামলা করতে যান। এ সময় থানা-পুলিশ মামলা না নিয়ে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর ন্যায়বিচারের আশায় আদালতে এসে মামলা করেন সাব্বির।

এম এস, ২৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language