ঢালিউড

নতুন সিনেমায় মাহফুজের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

ঢাকা, ১১ এপ্রিল – আবারও নতুন সিনেমায় নাম লেখালেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমার নাম ‘প্রহেলিকা’। চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমার মধ্য দিয়ে বুবলী প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছেন আরেক জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে।

বুবলী এখন কাজ নিয়ে তুমুল ব্যস্ত হলেও অন্যদিকে মাহফুজ আহমেদকে সর্বশেষ সিনেমায় দেখা গিয়েছিলো ২০১৫ সালে ‘জিরো ডিগ্রি’ সিনেমায়। সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে একটি নাটক করলেও আর সিনেমায় দেখা যায়নি।

শবনম বুবলী বলেন, ‘চয়নিকা আপা যখন আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমি অনেক খুশি হয়েছিলাম। আমি একজন মেয়ে হিসেবে চয়নিকা আপার জন্য গর্ব করি। তার কাজের আলাদা একটা স্টাইল আছে। আর মাহফুজ ভাইয়ের অভিনয়ের বিষয়টি আমি জানতাম না। দিদি শুধু বলেছিলেন যে, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। যখন ভাইয়ার নাম জানতে পারলাম তখন তো আমি রীতিমত অবাক। কারণ, ছোটবেলা থেকেই মাহফুজ ভাইয়ের অভিনয়ের বড় ভক্ত আমি। তার অভিনয়, তার লুক, তাঁর এক্সপ্রেশন—ভক্তদের কাছে স্বপ্নের মতো। এটি আমার জন্য বড় পাওয়া।’

জানা গেছে, জুনের ১ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হতে পারে। এর গল্প, চিত্রনাট্য, সংলাপ—সবগুলোই লিখেছেন পান্থ শাহরিয়ার।

এম এস, ১১ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language