ব্যবসা

রমজানে চেক নিষ্পত্তিতে নতুন সময়সূচী

ঢাকা, ৩১ মার্চ – রমজান মাসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি নতুন সময়সূচিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী ৫ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক বেলা দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে।

অন্য যে কোনো চেক বেলা ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এগুলো বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। রোজা শেষ হওয়ার পর বিএসিএইচ ও আরটিজিএস এর সময়সূচি পূর্বাবস্থায় ফিরে যাবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট-আরটিজিএস এর লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক সংক্রান্ত কর, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তব্যাংক লেনদেন আরটিজিএস-এর মাধ্যমে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

অন্যদিকে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, রোজায় নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে জরুরি আন্তব্যাংক লেনদেনে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)- এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রমও নতুন সূচি অনুযায়ী চালু থাকবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language