ক্রিকেট

সালমার কাছে জাহানারার হার

ঢাকা,০৬ নভেম্বর আগের দিন মাঠে নেমেই চমক দেখিয়েছেন জাহানারা আলম। তার দল ভেলোসিটি মাঠ ছেড়েছিলো জয় নিয়ে। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্সের সামনে উড়ে গেছে তারা। মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায় জাহানারার দল। জবাবে, ৭.৫ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সালমার দল।

উইমেন্স টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেলেন সালমা খাতুন। ৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ট্রেইলব্লেজার্সের দিন্দ্রা দোতিন অপরাজিত থাকেন ২৯ রানে। ১০ বলে ১৩ রান করেন রিচা ঘোষ। এছাড়া অধিনায়ক স্মৃতি মন্দানা করেন ৬ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ভেলোসিটি। ১৫.১ ওভারে মাত্র ৪৭ রান করে অলআউট হয়ে যায় ভেলোসিটি। দলের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন শেফালি ভার্মা। এছাড়া ১১ রান করে অপরাজিত থাকেন লেইম কাসপেরেক। শিখা পান্ডে ১০ রান করে কাটা পড়েন রানআউটে।

সোফি এক্সেলেস্টোন ৯ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী, রাজেশ্বরী গায়কোয়াড়। তবে ২ ওভার বোলিং করে কোন উইকেট পাননি সালমা খাতুন।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ০৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language