অন্যান্য

জাতীয় আর্চারি প্রতিযোগিতা শুরু

ঢাকা, ২৮ মার্চ – রোববার (২৭ মার্চ) থেকে টঙ্গীস্থ আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শুরু হয়েছে ‘১৩তম জাতীয় আর্চারি প্রতিযোগিতা-২০২২।’

সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, বিকেএসপিত ও ক্লাবসহ মোট ৪৫টি দলের ১৯৬ জন আর্চার (১১৮ জন পুরুষ ও ৭৮ জন মহিলা) রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এম.পি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের র্নিবাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী, ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.), ফেডারেশন ও সিটি গ্রুপের কর্মকর্তা এবং দলীয় কর্মকর্তাবৃন্দ।

সম্প্রতি থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ‘২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-১’ এ বাংলাদেশ আর্চারি দল ৩টি গোল্ড ও ১টি ব্রোঞ্জ মেডেল জয় লাভ করায়, ফেডারেশনের ২০২২ সালের ইভেন্ট ক্যালেন্ডার মোতাবেক আয়োজিত ‘ন্যাশনাল র‌্যাঙ্কিং ওপেন টুর্নামেন্ট-১’ এ প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী এবং ন্যাশনাল ইয়ুথ ক্যাটাগরিতে রেকর্ড সৃষ্টি করায় খেলোয়াড়দের মধ্যে ফেডারেশনের পক্ষ থেকে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

রিকার্ভ পুরুষ ও মহিলা এবং কম্পাউন্ড পুরুষ ও মহিলা কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শেষে আজ রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ১/২৪ ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

রিকার্ভ পুরুষ একক ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে মো. রোমান সানা (বাংলাদেশ আনসার) ৭৭ জন আর্চারের মধ্যে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬৬৪ স্কোর করে প্রথম, রামকৃষ্ণ সাহা (বাংলাদেশ বিমান বাহিনী) ৬৬১ স্কোর করে দ্বিতীয় এবং মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব) ৬৫০ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে ২২টি দলের মধ্যে বাংলাদেশ আনসার (মো. রোমান সানা, মো. আফজাল হোসেন ও মো. শাকিব মোল্লা) ১৯৩০ স্কোর করে প্রথম, তীরন্দাজ সংসদ (মিশাদ প্রধান, মো. রাকিব মিয়া ও মো. হৃদয় আহমেদ) ১৯২৫ স্কোর করে দ্বিতীয় এবং বিকেএসপি (মো. সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও প্রদীপ্ত চাকমা) ১৯১৩ স্কোর করে তৃতীয় হয়।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে বন্যা আক্তার (বাংলাদেশ আনসার) ২২ জন আর্চারের মধ্যে ৫০মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬৭৮ স্কোর করে প্রথম, রোকসানা (আর্মি আর্চারি ক্লাব) ৬৭৬ স্কোর করে দ্বিতীয় এবং শ্যামলী রায় (বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব) ৬৭২ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন।

কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে ৭টি দলের মধ্যে বাংলাদেশ আনসার (বন্যা আক্তার, মোসাম্মৎ লামিয়া আক্তার ও সুমা বিশ্বাস) ১৯৯৩ স্কোর করে প্রথম, আর্মি আর্চারি ক্লাব (রেকাসানা আক্তার, সুস্মিতা বনিক ও তামান্না পারভীন) ১৯৬৭ স্কোর করে দ্বিতীয় ও বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব (শ্যামলী রায়, মোসাম্মৎ শিউলি আক্তার ও সুমাইয়া খাতুন) ১৯১২ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language