বঙ্গবন্ধু কাপ কাবাডিতে শিরোপা অক্ষুণ্ন রাখল বাংলাদেশ

ঢাকা, ২৪ মার্চ – একদিন পর স্বাধীনতা দিবস। তার ঠিক আগের দিন কাবাডির হাত ধরে আসল আরেকটি বিজয়। দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
বৃহস্পতিবার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কেনিয়াকে দুটি লোনাহসহ ৩৪-৩১ পয়েন্টে হারিয়ে ট্রফি ধরে রেখেছে বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিকেরা একটি লোনাসহ ১৭-১৪ পয়েন্টে এগিয়ে ছিল।
গত বছরও এই কেনিয়াকে হারিয়েই প্রথম আসরের শিরোপা জিতেছিল লাল সবুজের দল।
এদিনের লড়াইটা ছিল বাংলাদেশের টেকনিক আর কেনিয়ার পাওয়ারের সঙ্গে। শারীরিক শক্তি এবং উচ্চতায় এগিয়ে থাকায় কেনিয়ার খেলোয়াড়দের আটকাতে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলেন তুহিন তরফদার-আরদুজ্জামান মুন্সিরা।
আবার পয়েন্ট ছিনিয়ে আনতে গিয়ে রবিউল, জাকির, ফেরদৌসরা নিজেদের কোর্টে আসতে পারেননি প্রতিপক্ষের দুর্দান্ত ডিফেন্সের কারণে। যে কারণে পাওয়ারফুল কেনিয়াকে থামানোর জন্য কৌশলে পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ সাজুরাম।
প্রতিপক্ষকে আটকানোর ঝুঁকিতে না গিয়ে পয়েন্ট আনায় মনযোগ দেয় স্বাগতিকেরা। তাতে সফলও হয়। শুরুতে বেশ কিছু সময় ধরে পিছিয়ে থাকা বাংলাদেশ প্রথমার্ধের শেষ দিকে গিয়ে ছন্দে ফেরে। তুহিন তরফদার লিড এনে দেন। এরপর প্রথমবারের মতো কেনিয়ার সেরা রেইডার ভিক্টরকে আটকে ফেলা বাংলাদেশ উজ্জীবিত হয়ে উঠে।
পয়েন্ট ছিনিয়ে এনে কেনিয়ার খেলোয়াড়দের আউট করতে থাকেন রাজিব-জাকিররা। এই অর্ধে কেনিয়াকে অলআউট করা বাংলাদেশ পায় প্রথম লোনা। ১৭-১৪ পয়েন্টে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসও বেড়ে যায়।
কিন্তু বিরতির পর শুরুতে ভুল করেন ফেরদৌস। প্রতিপক্ষের খেলোয়াড়কে আটকাতে গিয়ে পয়েন্ট উপহার দেন। একপর্যায়ে রাজিব ও সবুজ আউট হলে লিড নেওয়া কেনিয়ার পয়েন্ট গিয়ে দাঁড়ায় ১৮-১৭।
তিনজনে পরিণত হওয়া বাংলাদেশের অলআউটের শঙ্কা জাগে। পরক্ষণেই কেনিয়ার ভিক্টরকে আউট করলে সমতা আনে লাল সবুজের দলটি। কিন্তু মুনিরুলের ভুলে আবারও লিড নেয় আফ্রিকান দেশটি।
পিছিয়ে পড়া বাংলাদেশকে ম্যাচে ফেরান রাজিব আহমেদ। একাই কেনিয়ার দুই প্লেয়ারকে আউট করে মূল্যবান দুই পয়েন্ট এনে দিলে জেগে উঠে গ্যালারি। এটাই মূলত ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
দারুণ খেলতে থাকা স্বাগতিকেরা একপর্যায়ে ব্যবধান নিয়ে যায় কেনিয়ার ধরাছোঁয়ার বাইরে (২৯-২১)। একে একে কেনিয়ার ওদিয়াম্বো, নামাবকে আউট করলে পয়েন্ট গিয়ে দাঁড়ায় ৩০-২৩। এমন অবস্থায় বাংলাদেশের জয়টি সময়ের ব্যাপারই মনে হচ্ছিল।
কিন্তু বারবার ভুল করেন তুহিন-মুন্সিরা। তাতে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনে কেনিয়া (৩২-৩১)। ম্যাচের শেষ মিনিটে কেনিয়ার নাম্বার ওয়ান ভিক্টর ভুল করলে দুই পয়েন্ট পাওয়া বাংলাদেশ শিরোপা জয়ের আনন্দে মেতে উঠে।
এক নজরে
চ্যাম্পিয়ন: বাংলাদেশ
রানার্সআপ: কেনিয়া
ফাইনাল সেরা: রাজিব আহমেদ
টুর্নামেন্ট সেরা: রাজিব আহমেদ
সেরা রেইডার: ভিক্টর ওবিয়েরো
সেরা ক্যাচার: তুহিন তরফতার।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৪ মার্চ









