ভারতীয় বান্ধবীকেই বিয়ে করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ম্যাক্সওয়েল

ক্যানবেরা, ২০ মার্চ – পরিচয় থেকে পরিণয়। ভারতীয় কন্যা বিনি রমনের সঙ্গে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের প্রেম অনেক দিনের। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন তারা।
আইপিএলের আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ম্যাক্সওয়েল। পরিবারের লোকদের নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জীবনে পা রাখলেন অসি অলরাউন্ডার।
বিয়ের খবর নেটমাধ্যমে দেন নবদম্পতি। বিয়ের আংটি পরা ছবি দেন তারা। সেখানে বিনি লিখেছেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’
View this post on Instagram
দুজনের পরিচয়টা ২০১৯ সালে, অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে। অল্প দিনের মধ্যেই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২০ সালে বিনির সঙ্গে বাগদানের খবর জানান ম্যাক্সওয়েল। অবশেষে বিয়েটাও সেরে ফেললেন।
ভারতীয় কন্যা বিনি রমনের জন্ম তামিল পরিবারে। বর্তমানে থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বিনি পেশায় একজন ফার্মাসিস্ট।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে ম্যাক্সওয়েলকে।
সূত্র : জাগো নিউজ
এম এস, ২০ মার্চ









