আমাদের চিন্তা এখন বিশ্বকাপ জয়কেন্দ্রিক: মেহেদী মিরাজ

কেপ টাউন, ১৯ মার্চ – বর্তমানে ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষ। সর্বশেষ চার বছরে ঘরের মাঠে খেলা ছয়টি দ্বিপাক্ষিক সিরিজে জিতেছে বাংলাদেশ। হারেনি একটিও। এবার বাইরের দেশে সিরিজ জয়ের ইচ্ছা বাংলাদেশের।
কেবল সিরিজ জয় নয়, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপ জয় নিয়ে ভাবছে। বাংলাদেশের বর্তমান পরিকল্পনা বিশ্বকাপ জয়কেন্দ্রিক, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতেছে টিম টাইগার। সেই ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক মেহেদী মিরাজ। ব্যাট হাতে ১৩ বলে ১৯ রানের ক্যামিও খেলার পর বল হাতে ৪ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
আজ (১৯ মার্চ) দক্ষিণ আফ্রিকা থেকে এক ভিডিওবার্তায় এই ক্রিকেটার জানিয়েছেন, বর্তমান বাংলাদেশ দেশের বাইরে সিরিজ জেতা থেকে শুরু করে বৈশ্বিক শিরোপা জেতার পরিকল্পনায় এগোচ্ছে।
মিরাজের ভাষ্যে, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়, আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেরকম আমরা সিরিজ জিতি, বাইরেও সিরিজ জিততে চাই।
আমরা এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের চিন্তা-ভাবনাও এখন সে কেন্দ্রিক। আমরা কীভাবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে পারি। কিভাবে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারি।
আমরা ভালো ক্রিকেট খেলার মাধ্যমে কিভাবে জয় অর্জন করতে পারি, সেভাবেই পরিকল্পনা করছি আমরা। সেই প্রক্রিয়া অনুসরণ করে এগোচ্ছি।’
সূত্র : আরটিভি
এন এইচ, ১৯ মার্চ









