রিপাবলিকানদের হাতেই মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ থাকছে

ওয়াশিংটন, ৫ নভেম্বর- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চলছে চরম উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের আরও কাছাকাছি চলে গেছেন ডেমোক্র্যাট জো বাইডেন।
তবে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের জয় দাবি করে আদালতের যাওয়ার ঘোষণা দেয়ায় চূড়ান্ত ফলাফল নিয়ে জটিলতার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে শুধু প্রেসিডেন্ট নির্বাচন নয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
১০০ আসনের সিনেটে নিয়ন্ত্রণ পেতে অন্তত ৫১টি আসন নিশ্চিত করতে হবে।
ফক্স নিউজ জানাচ্ছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫টি সিনেট আসনের ১৮টিতে জিতেছেন রিপাবলিকান প্রার্থীরা। তাদের সিনেট আসন এখন ৪৮।
অন্যদিকে ১৩টি আসনে জিতে সিনেটে ডেমোক্র্যাটদেরও আসনসংখ্যা এখন ৪৮টি।
বাকি ৪ আসনে আলাস্কার মধ্যে বিপুল ব্যবধানে এগিয়ে আছে রিপাবলিকান প্রার্থী। জর্জিয়ার দুইটি আসনের একটিতে রিপাবলিকান প্রার্থী এগিয়ে থাকলেও ব্যবধান অল্প, আরেক আসনে বড় ব্যবধানে এগিয়ে আছে ডেমোক্র্যাট প্রার্থী। নর্থ ক্যারোলিনাতেও অল্প ব্যবধানে এগিয়ে আছে রিপাবলিকান প্রার্থী।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে, যদি বাইডেন জয়ী হন তবে ডেমোক্র্যাটদের লাগবে ৩টি আসন। আর টাইব্রেকারে পাবেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসের ভোট। তবে বাইডেন হেরে গেলে লাগবে চারটি আসন।
জর্জিয়ার দুই আসনে ৯৬ শতাংশ, নর্থ ক্যারোলিনাতে ৯৩ শতাংশ ভোট পড়েছে। আর আলাস্কায় এখনো ভোট পড়ার হার ৫০ শতাংশ।
ফলাফলে দেখা যাচ্ছে, বাইডেন জয়ী হলেও সিনেটে ৩ আসন পেতে অনেক পিছিয়ে ডেমোক্র্যাটরা। সেদিক দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষে নিয়ন্ত্রণ অনেকটা নিশ্চিত রিপাবলিকানদের। তবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ থাকছে ডেমোক্র্যাটদের হাতে।
সূত্র: দেশ রুপান্তর
আর/০৮:১৪/৫ নভেম্বর









