১০০ কোটি ছুঁই ছুঁই ‘গঙ্গুবাই কাথিয়াবাড়ি’

মুম্বাই, ০৪ মার্চ – দ্বিতীয় সপ্তাহান্তেই ১০০ কোটির ঘরে পা রাখবে সঞ্জয় লীলা ভান্সালীর ‘গঙ্গুবাই কাথিয়াবাড়ি’এমনটি বলছেন বাণিজ্য বিশ্লেষকরা। এখনই ১০০ কোটির কাছাকাছি।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দাবি, ষষ্ঠ দিনেও জমিয়ে ব্যবসা করছে ‘গঙ্গুবাই’। এই ধারা যদি ধরে রাখতে পারে, তা হলে দ্বিতীয় সপ্তাহান্তেই ১০০ কোটির ঘরে পা রাখবে ছবিটি। এবং সেই অনুযায়ী, আলিয়া ভট্টের ছবিটি বলিউডের চতুর্থ ১০০ কোটির ছবির তকমা পাবে।
তরণের বলেন, ‘গঙ্গুবাই’-এর আগে এই তালিকায় নাম রয়েছে ‘সূর্যবংশী’, ‘৮৩’, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর।
শুক্রবার ভান্সালী প্রযোজনা সংস্থার এক ভিডিও পোস্টে দেখা গেছে, চূড়ান্ত ব্যস্ত আলিয়া। সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছেন ছবির প্রচারের জন্য। অভিনীত চরিত্রের মধ্যেই বাঁচছেন তিনি। যেন এভাবেই উদযাপন তার।
ভিডিও পোস্টে আলিয়ার একটি দিন দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, নায়িকার সকাল শুরু শরীরচর্চা দিয়ে। প্রশিক্ষকের সহযোগিতায় নানা ধরনের যোগব্যায়াম করছেন। কেটে যাচ্ছে বেশ কিছুটা সময়। তার পরই গরম জলের ভাপ নিয়ে যত্ন নিচ্ছেন ত্বকের। সেই পর্ব শেষ হতেই শুরু রূপসজ্জা। তিলে তিলে হয়ে উঠছেন ‘গঙ্গুবাই’।
চরিত্রের মতোই তিনিও ইদানীং শ্বেতশুভ্র। সাদা শাড়ি বেছে নিচ্ছেন সব জায়গায়। কখনও তার সঙ্গে ফ্রেঞ্চনট, খোঁপা, বিনুনি। পর্দার চরিত্রের মতোই কেশসজ্জায় ফুলের বিন্যাস। এভাবেই আলিয়া করজোরে পোজ দিচ্ছেন লাল টুকটুকে হুড খোলা গাড়ির সামনে। কখনও নেপথ্য বাজছে ‘ঢোলিরা’ গানটি। নায়িকা তার তালে ঢোল বাজাচ্ছেন, নেচেও উঠছেন। এখনকার ফ্যাশন শ্যুটেও ‘গঙ্গুবাই’সাজ তার।
এন এইচ, ০৪ মার্চ







