বিষ্ণোই-রোহিতে ভারতের জয়

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ভারতের জয়ে বল হাতে অভিষিক্ত রবি বিষ্ণোই ও ব্যাট হাতে অধিনায়ক রোহিত শর্মা অবদান রেখেছেন। অভিষেক ম্যাচেই বিষ্ণোই হয়েছেন ম্যাচসেরা।
বুধবার রাতে কলকাতার ইডেন গার্ডেনে উইন্ডিজ আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। ব্যাট হাতে একাই লড়াই করেন নিকোলাস পুরান। তিনি ৪৩ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৬১ রান করেন। ৭টি চারে কাইল মেয়ার্স করেন ৩১ রান। দ্বিতীয় উইকেটে তারা দুজন তোলেন ৪৭ রান। এরপর অবশ্য অন্য ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। শেষ দিকে অধিকায়ন কিরেন পোলার্ডের ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় করা অপরাজিত ২৪ রানের ইনিংসে ভর করে ১৫৭ রানের সংগ্রহ পায় সফরকারীরা।
বল হাতে ভারতের বিষ্ণোই ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন হার্শাল প্যাটেল।
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ঝড় তোলেন রোহিত শর্মা। তার চওড়া ব্যাটে ভর করে উদ্বোধনী জুটিতে ৭.৩ ওভারে ভারত তুলে ফেলে ৬৪ রান। এই রানে রোহিত আউট হন। যাওয়ার আগে ১৯ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে যান।
এরপর ৯৩ রানে কিষান (৩৫) ও ৯৫ রানে কোহলি (১৭) আউট হন। ১১৪ রানে ঋষভ পন্ত ফিরেন ৮ রান করে।
এরপর পঞ্চম উইকেটে সূর্যকুমার যাদব ও ভেঙ্কটেশ আয়ার মিলে ৪৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সূর্যকুমার ১৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান। আর ভেঙ্কটেশ ১৩ বলে ২ চার ও ১ ছয়ে করেন অপরাজিত ২৪ রান।
বল হাতে ২টি উইকেট নেন রোস্টন চেজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৫৭/৭ (পুরান ৬১, মেয়ার্স ৩১ পোলার্ড ২৪*, রবি ১৭/২, হার্শাল ৩৭/২)।
ভারত: ১৮.৫ ওভারে ১৬২/৪ (রোহিত ৪০, সূর্যকুমার ৩৪*, ভেঙ্কটেশ ২৪*; রোস্টন ২/১৪)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রবি বিষ্ণোই (ভারত)।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৭ ফেব্রুয়ারি









