সিলেটে একদিনেই করোনা মুক্ত আফগানিস্তান দল

সিলেট, ১৬ ফেব্রুয়ারি – তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে সিলেটে চলছে সফরকারী দলের সপ্তাহ ব্যাপী কন্ডিশনিং ক্যাম্প।
তবে কন্ডিশনিং ক্যাম্প শুরুর পর গতকাল মঙ্গলবার তৃতীয় দিন জানা যায় দলে আট ক্রিকেটার, তিন স্টাফ ও এক ক্রিকেটারের স্ত্রী কোভিড পজিটিভ হয়েছেন। মোট ১২ সদস্যের কোভিড পজিটিভ হওয়ায় আইসোলেশনে রেখে দ্বিতীয় দফায় আবার পরীক্ষা করা হয়। দ্বিতীয়বার পরীক্ষা করার একদিনের মাথায় সবার ফলাফল নেগেটিভ এসেছে।
আগামীকাল বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। সিলেটে কন্ডিশনিং ক্যাম্প শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামে যাবে আফগানরা।
ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত এই তিনটি ম্যাচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে।
ওয়ানডে সিরিজ শেষ করে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও আফগানরা। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৩ ও ৫ মার্চ। ম্যাচ দুটি শুরু হবে বেলা ৩টা থেকে।
সূত্র : আরটিভি
এম এস, ১৬ ফেব্রুয়ারি









