শুদ্ধ সঙ্গীতচর্চায় অনুকরণীয় হয়ে থাকবেন সন্ধ্যা মুখোপাধ্যায়

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি – উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান।
শোকবার্তায় তিনি বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় উপমহাদেশের সঙ্গীতপ্রেমীদের দীর্ঘদিন মুগ্ধ রেখেছিলেন সুরের আবেশে। তার অসংখ্য গান অক্ষয় হয়ে দোলা দেবে সঙ্গীতামোদীদের। ঈর্ষণীয় জনপ্রিয়তা আর অসংখ্য পুরস্কার অনন্যা করেছে সন্ধ্যাজীকে। সন্ধ্যা মুখোপাধ্যায়য়ের মৃত্যুতে সঙ্গীত ভুবনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়। শুদ্ধ সঙ্গীতচর্চায় অনুকরণীয় হয়ে থাকবেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আরও শোক প্রকাশ করেছেন পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এবং সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।
এন এইচ, ১৬ ফেব্রুয়ারি







