ক্রিকেট

প্রিমিয়ার লিগ শুরু ১৫ মার্চ, খেলানো যাবে বিদেশি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিস (সিসিডিএম) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) যাবতীয় বিষয়াদি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে মার্চের ১৫ তারিখ থেকে। আগের দিন ১৪ মার্চ হবে ট্রফি উন্মোচন। ২ ও ৩ মার্চ হবে দলবদল। এ ছাড়া প্রতিটি দল ১ জন বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ১২টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন।

সালাহউদ্দিন বলেন, ‘মার্চের ২ ও ৩ তারিখ প্রিমিয়ার লিগের দলবদল হবে। আর ১৪ তারিখ ট্রফি উন্মোচন করবো আমরা এখানে। ট্রফিটা উন্মোচনের পর ১৫ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হবে।’

‘যেহেতু সামনে রোজা আসছে, বাংলাদেশ দলের ব্যস্ত সূচি, মাঠের একটা ব্যাপার আছে। তাই আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি। যে কারণে প্রিলিমিনারি রাউন্ডে কোনো রিজার্ভ ডে রাখছি না। সুপার লিগে রিজার্ভ ডে থাকছে’-আরও যোগ করেন সালাহউদ্দিন।

২০২০ সালের ডিপিএলে বিদেশি ক্রিকেটার রাখার নিয়ম তুলে নিয়েছিল। সেবার করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় লিগ। ২০২১ সালের টি-টোয়েন্টি সংস্করণেও ছিল না কোনো বিদেশি। এবার সেই সুযোগ থাকছে দলগুলোর সামনে। একাদশে সর্বোচ্চ একজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে দলগুলো।

সালাহউদ্দিন বলেন, ‘বিদেশি ক্রিকেটার আমরা এবার একজন অনুমোদন দিচ্ছি। কোভিডের অবস্থা ও অন্যান্য দিক বিবেচনায় রেজিস্ট্রেশন আমরা বন্ধ করিনি। কিন্তু এক খেলায় একজন বিদেশি খেলতে পারবে।’

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ থাকছে ভেন্যু হিসেবে। বিকল্প হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকেও রেখেছে সিসিডিএম। প্রতিটি ক্রিকেটারকে করোনার টিকা নিয়ে খেলতে হবে। হোটেলে ওঠার আগে করোনা নেগেটিভ সনদ নিতে হবে।

ক্রিকেটারদের সঙ্গে উন্মুক্ত চুক্তিতে যেতে পারবে দলগুলো। অর্থাৎ ক্লাব-ক্রিকেটার নিজেদের সুবিধানুযায়ী আর্থিক চুক্তিতে যেতে পারবে। পরবর্তীতে চুক্তির অর্থ নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তাই লেনদেনের প্রমাণ রাখার পরামর্শ দিয়েছে সিসিডিএম।

সালাহউদ্দিন বলেন ‘ক্লাবগুলো উন্মুক্ত চুক্তিতে যাচ্ছে। বিসিবি পরার্মশ দিয়েছে ক্লাব যাকে যেখানে পেমেন্ট করবে সেই প্রমাণ যেন রাখে। যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সিসিডিএমের সাথে যোগাযোগ করবে, সিসিডিএম ব্যাপারটি দেখবে।’

‘আমরা আসলে ওই বাধাটা (উন্মুক্ত চুক্তির সুবিধা) রাখছিনা যে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েই ডিপিএলটা করতে হবে। টুর্নামেন্ট টুর্নামেন্টের মতো চলবে, জাতীয় দলের খেলোয়াড়েরা তাদের অ্যাভেইলএবলিটি অনুযায়ী দলগুলোতে খেলবে।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language