ঢাকা

কোনো জলাধার ভরাট করা যাবে না: মেয়র আতিক

ঢাকা, ২৮ জানুয়ারি – রাজধানীর কোনো জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর কুড়িল বিশ্বরোডের পাশের জলাধার উদ্ধার অভিযানকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘কুড়িল বিশ্বরোডের পাশের এই জলাধার যুগ যুগ ধরে নিকুঞ্জের মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করে আসছে, এটি ভরাট করা হলে নিকুঞ্জসহ এয়ারপোর্ট রোডে বর্ষার পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, জলাধারের জায়গা সরজমিন পরিদর্শন না করেই বাংলাদেশ রেলওয়ে বরাদ্দ দিয়েছে, ১ দশমিক ৮৪ একরের এই জলাধার রক্ষায় প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসময় রাস্তার পাশে অনুমতি ছাড়া নির্মিত মিলিনিয়াম হোল্ডিং লিমিটেডের একটি বিশাল সাইনবোর্ড উচ্ছেদ করা হয়।

এছাড়াও তিনি সৃষ্ট সমস্যার সম্ভাব্য প্রতিকার নিয়ে রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সাথে মুঠোফোনে কথা বলেন।

উচ্ছেদ অভিযানে মেয়রের সঙ্গে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলামসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language