ঢালিউড

৪ বছর পর পর্দায় আসছেন সিয়াম-পূজা জুটি

ঢাকা, ০৬ জানুয়ারি – ২০১৯ সালের মার্চ মাসে শুরু হয়েছিলো পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ এর শুটিং। এরপর দেশে করোনার হানায় মুক্তি পিছিয়ে যায়। কয়েক দফায় মুক্তির তারিখ চূড়ান্ত হলেও পরে তা আবার পেছাতে বাধ্য হয়। অবশেষে ৩ বছর পর আগামী ৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমা। ছবিটিতে তৃতীয়বারের মতো জুটি হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরি। ‘পোড়ামন ২’ দিয়ে যাত্রা করা এ জুটি ‘দহন’ সিনেমার প্রায় ৪ বছর বিরতির পর পর্দায় আসছেন।

‘শান’ ছবির মুক্তি উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক এম রাহিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, খল-অভিনেতা মিশা সওদাগর, নাদের চৌধুরী, সিনেমাটোগ্রাফার সাইফুল শাহিন প্রমুখ।

নতুন বছরে প্রেক্ষাগৃহের প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে ‘শান’। সিনেমাটিতে দেখা যাবে সিয়াম ও পূজার রসায়ন। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন সিয়াম।

তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে তিনটি বছর রাহিম ভাই যে পরিশ্রম করেছেন তার জন্য একটা হাততালি দরকার। অন্তত রাহিম ভাইয়ের পরিশ্রমের জন্য হলেও আমি বলবো আপনারা চলচ্চিত্রটি দেখুন। সিনেমা হলে আসুন, আমাদের পাশে থাকুন। আশা করছি নিরাশ হবেন না।’

মিট দ্য প্রেসে ‘শান’ ছবিটি মুক্তির পর সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন মিশা সওদাগরও। তিনি বলেন, ‘গত ১৫ বছরে এমন সিনেমা নেই যেটা চলার কথা কিন্তু চলেনি। আপনার দেখাতে পারবেন না- ভালো গল্প ছিল, ডিরেকশন ছিল, অভিনয় ছিল কিন্তু চলেনি। ‘শান’ হচ্ছে সেই সিনেমা, যার সবকিছু আছে।’

পূজা চেরী বলেন, ‘আমার মনে হয় এর আগে যত সিনেমা করেছি কিংবা এর পরে আমি যত সিনেমা করবো তার মধ্যে ‘শান’ আমার লাইফের একটা বেস্ট সিনেমা হয়ে থাকবে। ৭ জানুয়ারি রিলিজ হচ্ছে। প্রায় তিন বছর অপেক্ষা করেছি এটির জন্য। আপনারা ‘শান’ সিনেমা হলে এসে দেখুন, ভালো লাগলেও বলুন না লাগলেও বলুন। আপনাদের বউ, গার্লফ্রেন্ড যারা আছে তাদের নিয়ে ‘শান’ দেখতে আসুন । মানে পরিবার নিয়ে আসুন।’

‘শান’র গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মুরাদ পারভেজ, ডন ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান।

এন এইচ, ০৬ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language